প্রধান শিরোনাম

তারেক রহমান এখন যে বাকস্বাধীনতার কথা বলেন, এগুলো মিথ্যা ও প্রতারণা: সারজিস আলম

প্রকাশিত :
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
/
১৭ বার সংবাদটি দেখেছে

দেশের বানী | পিরোজপুর করেসপন্ডেন্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপিকে তাদের রাজনৈতিক কর্মসূচি শেখানোর প্রয়োজন নেই। এনসিপির কর্মসূচি নিয়ে বিএনপির সমালোচনাকে কটাক্ষ করে তিনি বলেন, স্বল্প সময়ে ১১ দলের ঐতিহাসিক লং মার্চ দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে।

 

সোমবার পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এনসিপি পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবির।

 

সারজিস আলম বলেন, ‘আমরা কিভাবে কর্মসূচি করবো সেটা আমাদেরকে বিএনপির শেখাতে হবে না। শর্ট টাইমে ১১ দলের ঐতিহাসিক লং মার্চ দেখে তাদের মাথা খারাপ হয়ে বলছে—এটা লং মার্চ না, রোড মার্চ। আবার কেউ কেউ বলছে এটা লং ড্রাইভ।’

 

তিনি বলেন, ‘আমাদের লং মার্চ যদি লং ড্রাইভ হয়, তাহলে বেগম খালেদা জিয়া যেটা করেছিলেন সেটাও লং ড্রাইভ। আপনাদের শেখাতে হবে না বিরোধী দল কী কর্মসূচি দেবে।’

 

বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, বিরোধী দল হিসেবে বিএনপি ব্যর্থ ছিল। তিনি বলেন, ‘আপনারা যখন মার্চ টু ডেমোক্রেসি ঘোষণা দিয়েছিলেন, তখন শুধুমাত্র একটি বালুর ট্রাক দিয়ে আপনাদের পুরো লংমার্চকে শেষ করে দেওয়া হয়েছিল। আপনারা বালুর ট্রাকটিকেও সরাতে পারেন নাই।’

 

সারজিস আরও বলেন, ‘সেই ব্যর্থ বিরোধী দলের নসিহতে আজকের বিরোধী দল তার কর্মসূচি দেবে না। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না, বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে।’

 

বিএনপি এনসিপির কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করলে এর পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, ‘যদি বিএনপি মনে করে তারা তাদের জায়গা থেকে আমাদের প্রতিরোধ করবে, তাহলে মনে রাখতে হবে এর ফল কখনো ভালো হবে না।’

 

রাজনৈতিক ভাষা ও সমালোচনার প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, এনসিপির একজন নেতা প্রধানমন্ত্রীর সমালোচনা করায় দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির একজন সদস্য এমন ভাষায় সমালোচনা করেছিলেন, যা দলের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এ কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

 

তবে বিএনপি ক্ষমতার অপব্যবহার করে একই ধরনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ও রিমান্ডের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

তারেক রহমানের বাকস্বাধীনতা নিয়ে দেওয়া বক্তব্যের সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘তারেক রহমান এখন যে বাক স্বাধীনতার কথা বলে, এগুলো মিথ্যা আর প্রতারণা ছাড়া আর কিছুই না। তাহলে কি আমরা মনে করবো জনাব তারেক রহমানের মুখের কথা এক আর মনের ভিতরের কথা আর এক।’

 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এবং বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।



মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *