
কুমিল্লায় বিশেষ ও চিরুনি অভিযানে আরও ৩৮৫ আটক
কুমিল্লাজুড়ে অপরাধ দমন ও শিল্পাঞ্চলের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ১৮টি থানা এলাকায় বিশেষ ও চিরুনি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। অভিযানে শিল্পাঞ্চলে শ্রমিক বিশৃঙ্খলা ও আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে ১ জন এবং বিভিন্ন এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ৩৮৪ জন সদস্যসহ মোট ৩৮৫ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) মাগরিবের পর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন পয়েন্টে একযোগে এই ঝটিকা অভিযান চালানো হয়। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সরাসরি উপস্থিত থেকে সার্বিক অভিযানে নেতৃত্ব দেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশের ডিবি ও থানা সূত্র জানায়, অভিযানে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে পোশাক ও শিল্প কারখানায় শ্রমিকদের খেপিয়ে তোলা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মাসুদ রানা (২৬) নামের এক যুবককে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মাসুদ রানার বিরুদ্ধে অনলাইনে অসত্য তথ্য ও গুজব ছড়িয়ে শ্রমিকদের আন্দোলনে প্ররোচিত করার প্রাথমিক প্রমাণ মিলেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, কুমিল্লা নগরীর বিভিন্ন জনগুরুত্বপূর্ণ পয়েন্ট, বখাটেদের আস্তানা এবং যেসব স্থানে কিশোর অপরাধীদের উৎপাত বেশি, সেসব এলাকায় জেলা পুলিশের একাধিক টিম সমন্বিতভাবে এই অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের শীর্ষ কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।
পুলিশ কর্মকর্তা আরও জানান, আটককৃতদের অপরাধের গভীরতা ও বিভিন্ন ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাইকরণ শেষে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উঠতি বয়সী কিশোর ও তরুণরা যেন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা গ্যাং কালচারে জড়িয়ে পড়তে না পারে, সে লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে জেলাব্যাপী এ ধরনের নিয়মিত ও কঠোর চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
স্বাধীন/সা.এ.
মন্তব্য
0 টি মন্তব্য