
১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়া হয়েছে: খায়রুল কবির খোকন
গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেন, বিগত সময়ে শিক্ষাব্যবস্থাসহ পুরো বাংলাদেশকে চরমভাবে দলীয়করণ করা হয়েছিল। তবে বর্তমান সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে নরসিংদী শহরের সাহেপ্রতাপ এলাকায় অবস্থিত বাংলাদেশ তাঁত বোর্ডের হলরুমে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটির সূচনা হয় এক মনোরম পরিবেশে। কর্মসূচির শুরুতেই পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং তাঁত বোর্ড প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
পরবর্তীতে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা তাদের নানা সমস্যা, শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব-অভিযোগ এবং বিভিন্ন দাবি-দাওয়া প্রধান অতিথির সামনে তুলে ধরেন। এমপি খায়রুল কবির খোকন মনোযোগ দিয়ে শিক্ষার্থীদের বক্তব্য শোনেন এবং তাদের সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, “আপনাদের সব যৌক্তিক দাবি পূরণ করা হবে। প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করে এসব দাবি পূরণের সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।” তিনি আরও যোগ করেন, তরুণ ও শিক্ষার্থী সমাজের ন্যায্য দাবি ও প্রত্যাশাকে সর্বদা অগ্রাধিকার দিয়ে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির এক ইতিবাচক বার্তা দিয়ে শেষ হয়।
বাপ্পি/সা.এ
মন্তব্য
0 টি মন্তব্য