রাজনীতি

শ্রমিক আন্দোলনকে ঘিরে ৭১ ও ২৪-এর পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে: রাশেদ খান

প্রকাশিত :
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত ও পতিত শক্তিগুলো একজোট হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।

সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।

মানববন্ধনে রাশেদ খান বলেন, আশুলিয়া ও মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক আন্দোলনে শ্রমিক লীগের সন্ত্রাসীরা অনুপ্রবেশ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকার আন্তরিক এবং সেসব দাবি পূরণ করা হবে। তবে আন্দোলনের সুযোগ নিয়ে পতিত শক্তিগুলো গাড়িতে আগুন দিয়ে দেশে সন্ত্রাসী পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ডিসেম্বরকে সামনে রেখে ১৯৭১ সালের স্বাধীনতাবিরোধী শক্তি এবং ২০২৪ সালের পতিত শক্তি একজোট হয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

আশুলিয়া ও মিরপুরের সাম্প্রতিক অগ্নিকাণ্ড ও সহিংসতার প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, এসব অগ্নিসন্ত্রাসের দায় জামায়াতের আমির কোনোভাবেই এড়াতে পারেন না। তাঁর ভাষ্য, ‘সব তছনছ করে দেওয়ার’ হুমকিরই অংশ এসব ঘটনা।

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনাকে জাতীয় কলঙ্ক হিসেবে উল্লেখ করেন তিনি। এ ঘটনায় জামায়াত-শিবির সরাসরি বাধা সৃষ্টি করেছে বলেও অভিযোগ করেন রাশেদ খান। ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

রাশেদ খান বলেন, ১৯৭১ সালের স্বাধীনতাবিরোধী শক্তি এখনো রাজনৈতিক উদ্দেশ্যে সক্রিয় রয়েছে এবং তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে। জামায়াত এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের কথা বললেও তা লোক দেখানো বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, তদন্তের কোনো দৃশ্যমান অগ্রগতি এখনো হয়নি।

দেশে সাম্য ও মানবিক মর্যাদা পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ ও আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *