জেলার খবর

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

প্রকাশিত :
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
/
৩ বার সংবাদটি দেখেছে

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত তৈরি পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এদিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার পর আশুলিয়ার আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। একই দিন বেলা ১১টার পর সাভারের উলাইল এলাকায়ও শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অনন্ত গ্রুপের একটি কারখানার সামনে জড়ো হতে থাকেন আন্দোলনরত শ্রমিকেরা। পরে তারা হামীম গ্রুপের একটি কারখানার সামনে গিয়ে অবস্থান নেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে দাবি আদায়ে সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের উত্তেজনা সৃষ্টি হয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

এদিকে সাভারের উলাইল এলাকায় আল মুসলিমসহ বিভিন্ন পোশাক কারখানার ফটকে অবস্থান নিতে শুরু করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ সময় তারা বিভিন্ন কারখানার ফটকে ইটপাটকেল নিক্ষেপ করে অন্য শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। তাদের হামলার মুখে কয়েকটি কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি দিতে বাধ্য হয়।

একপর্যায়ে আল মুসলিম কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। তবে এরপরও শ্রমিকদের সঙ্গে পুলিশের থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলতে থাকে।

অন্যদিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় স্কাইলাইন কারখানার সামনেও সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। উদ্ভূত পরিস্থিতিতে সড়কসংলগ্ন অধিকাংশ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সংঘর্ষের পর থেকে সংশ্লিষ্ট এলাকাগুলোতে উত্তেজনা বিরাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) শোয়েব আহম্মেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে। এ সময় আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।



স্বাধীন/সা.এ.

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *