শিক্ষা

আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের ফল, জানা যাবে ৩ উপায়ে

প্রকাশিত :
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
/
৭ বার সংবাদটি দেখেছে

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা অনলাইনে, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা করা হবে। এরপর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন।

অনলাইনে যেভাবে ফল জানা যাবে
শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল দেখতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো—

https://eduboardresults.gov.bd
https://educationboardresults.gov.bd
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও পরীক্ষার ফল জানা যাবে।

এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়েও পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—

HSC [স্পেস] রোল নম্বর [স্পেস] পরীক্ষার বছর

এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও পাওয়া যাবে ফল
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীর ফলাফলের শিট একসঙ্গে ডাউনলোড করতে পারবে। ফলে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।

ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্নিরীক্ষণের আবেদনপ্রক্রিয়া, ফি এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আগ্রহী পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।



সাজু/নিএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *