
বরিশালে হিজলায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু
দেশের বানী | হিজলা করেসপন্ডেন্ট : বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে গুলিবিদ্ধ জেলে আক্তার হাওলাদারের (৪০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে ভোরে উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরমেমানিয়া এলাকা থেকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত আক্তার হাওলাদার চরমেমানিয়া এলাকার সুলতান হাওলাদারের ছেলে। কী কারণে এবং কার গুলিতে তিনি আহত হয়েছেন, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
হিজলা থানা পুলিশ জানায়, গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধারের পর আক্তারকে প্রথমে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, আক্তার অন্য জেলেদের সঙ্গে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় অন্য একটি ট্রলার থেকে তাঁদের ট্রলার লক্ষ্য করে গুলি ছোড়া হলে আক্তার গুলিবিদ্ধ হন বলে সঙ্গে থাকা জেলেরা জানিয়েছেন।
ওসি আরও জানান, আক্তারের সঙ্গে থাকা জেলেরা তাঁকে জীবিত অবস্থায় নদী থেকে তীরে নিয়ে আসেন। পরে তাঁরা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আক্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কারা গুলি করেছে, তা জানতে আক্তারের কাছেও জানতে চাওয়া হয়েছিল। তবে তিনি এ বিষয়ে কিছু জানাতে পারেননি।
ওসি সোলায়মান বলেন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওই সময় নদীতে তাদের কোনো দল অভিযান পরিচালনা করছিল না বলে জানা গেছে। কীভাবে আক্তার গুলিবিদ্ধ হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন জানান, কয়েকজন জেলে তাঁকে মেঘনা নদীতে এক জেলেকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকার খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধারের ব্যবস্থা করেন এবং পুলিশকে খবর দেন। জেলেদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, একটি ট্রলার থেকে তাঁদের ট্রলার লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। তবে কারা গুলি করেছে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।
ঘটনাটি ঘিরে মেঘনা নদীতে জেলেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। গুলি ছোড়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।
মন্তব্য
0 টি মন্তব্য