জেলার খবর

পাকিস্তান থেকে আনা ১৫০ টন কাঁচা তামাকের চালান আটক

প্রকাশিত :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
/
৮ বার সংবাদটি দেখেছে

বন্ড সুবিধার অপব্যবহার করে পাকিস্তান থেকে আনা কাঁচা তামাকের একটি বড় চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

চট্টগ্রাম বন্দরে আটক হওয়া ১০ কনটেইনারে রয়েছে ১৫০ মেট্রিক টন কাঁচা তামাক।

এই পরিমাণ কাঁচামাল দিয়ে আনুমানিক ২১ দশমিক ৪৩ কোটি শলাকা প্রিমিয়াম সিগারেট উৎপাদন করা সম্ভব, যার সম্ভাব্য খুচরা বাজারমূল্য প্রায় ৪৯৩ কোটি ৮৬ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কাস্টমস সূত্র জানিয়েছে, গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেডের নামে আমদানিকৃত এই চালানের প্রাথমিক পর্যালোচনায় আমদানি মূল্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য অসংগতি পরিলক্ষিত হয়েছে।

একই এইচএস কোডের পণ্য সাধারণত প্রতি কেজি ৫ দশমিক ১০ মার্কিন ডলারে অ্যাসেসমেন্ট করা হলেও, আলোচ্য চালানে প্রতি কেজির ঘোষিত মূল্য দেখানো হয়েছে মাত্র ১ দশমিক ৪৫ মার্কিন ডলার।

পূর্ববর্তী বাজারমূল্য বিবেচনায় এই চালানে সম্ভাব্য আমদানি পর্যায়ের রাজস্ব প্রায় ২১ কোটি ১২ লাখ টাকার মতো হতে পারে।

কাস্টমস গোয়েন্দার মতে, বন্ড সুবিধার অপব্যবহার করে আনা এসব তামাকের প্রকৃত ব্যবহার এবং তা দিয়ে উৎপাদিত পণ্যের হিসাব যদি যথাযথভাবে সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা না হয়, তবে আমদানি, উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণের প্রতিটি পর্যায়েই বড় ধরনের শুল্ক-কর ফাঁকির ঝুঁকি তৈরি হয়।

বর্তমান পরিস্থিতিতে চালানের পেছনের প্রকৃত উদ্দেশ্য ও অন্যান্য অসঙ্গতি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *