জেলার খবর

নেত্রকোনায় ‘নারীনেত্র কারুপণ্য’ পরিদর্শনে জেলা প্রশাসক সহযোগিতার আশ্বাস

প্রকাশিত :
রোববার, ২৫ অক্টোবর, ২০২৬
/
৯ বার সংবাদটি দেখেছে

নেত্রকোনায় পিছিয়ে পড়া নারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নারী উদ্যোক্তা কামরুন্নাহার লিপি। তাঁর উদ্যোগে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের অনন্তপুর গ্রামে গড়ে উঠেছে নারী উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘নারীনেত্র কারুপণ্য’। ইতোমধ্যে প্রায় পাঁচ হাজার নারীকে বুটিক, দর্জির কাজসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) প্রতিষ্ঠানটির কার্যক্রম, উৎপাদিত কারুপণ্য এবং নারী উদ্যোক্তা কামরুন্নাহার লিপির সাফল্যের গল্প সরেজমিনে দেখতে ‘নারীনেত্র কারুপণ্য’ পরিদর্শন করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের তৈরি পণ্য সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান এবং নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন উপস্থিত ছিলেন।

‘নারীনেত্র কারুপণ্য’ প্রতিষ্ঠানে শিশু ও বড়দের বিভিন্ন ধরনের তৈরি পোশাক, ছেলেদের প্যান্ট, টি-শার্টসহ বৈচিত্র্যময় পোশাক তৈরি করা হয়। পাশাপাশি পরিবেশবান্ধব চট ও টিস্যু কাপড় দিয়ে তৈরি হচ্ছে নানা ধরনের ব্যাগ। এসব পণ্য উৎপাদনের মাধ্যমে নারীদের দক্ষতা কাজে লাগানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হচ্ছে।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা কামরুন্নাহার লিপি পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার প্রত্যয় নিয়ে এ উদ্যোগ শুরু করেন। তাঁর লক্ষ্য, প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষ করে গড়ে তোলা, তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ এবং গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানো।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “কামরুন্নাহার লিপি নিজের উদ্যোগ, শ্রম ও মেধা দিয়ে পিছিয়ে পড়া নারীদের দক্ষ করে গড়ে তুলছেন। প্রায় পাঁচ হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা অত্যন্ত প্রশংসনীয় কাজ। এ ধরনের উদ্যোগ নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর এই অগ্রযাত্রাকে আমরা সাধুবাদ জানাই। প্রতিষ্ঠানের উন্নয়ন ও সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে।”

স্থানীয় পর্যায়ে নারী উদ্যোক্তা সৃষ্টি ও নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে ‘নারীনেত্র কারুপণ্য’ একটি সম্ভাবনাময় প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টদের মতে, সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা, সহজ শর্তে ঋণ এবং উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ পেলে প্রতিষ্ঠানটি আরও বেশি নারীর কর্মসংস্থানে ভূমিকা রাখতে পারবে।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *