বরিশাল জেলা

বরিশালে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯

প্রকাশিত :
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
/
১৬ বার সংবাদটি দেখেছে

দেশের বানী | উজিরপুর করেসপন্ডেন্ট : বরিশালের উজিরপুরে পূর্ববিরোধের জেরে কাওছার হাওলাদার (৩২) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নয়জনকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাতলা-কান্দী সড়কের বরিশাল-গোপালগঞ্জ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাওছার উপজেলার আলমদী গ্রামের মৃত মোনাফছের হাওলাদারের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আলমদী এলাকায় সজল হাওলাদার নামে এক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে তাঁর ভাই প্রবাসী ইকবাল হোসেন নান্না সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিশোধের হুমকি দিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। গত ২১ অক্টোবর সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি। শুক্রবার সকালে সাতলা একতা বাজারে দুই পক্ষের মধ্যে আবারও বাগ্‌বিতণ্ডা হয়। পরে বিরোধ মীমাংসায় আলোচনা চলছিল।

 

নিহতের চাচাতো ভাই রাশেদ আমিনের অভিযোগ, বিরোধের জেরে ঢাকা ও বরিশাল থেকে মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে একদল লোক এলাকায় আসে। রাত সাড়ে ৯টার দিকে ১৮ থেকে ২০ জন বাড়ির দরজা ভেঙে ঢুকে কাওছারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান জানান, তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার পর সাতলা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।




মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *