বরিশালবরিশাল জেলা

বরিশালে অসুস্থ মুয়াজ্জিনের চিকিৎসায় সহযোগিতার আহবান

প্রকাশিত :
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
/
২৫ বার সংবাদটি দেখেছে

দক্ষিণ টিভি | গৌরনদী করেসপন্ডেন্ট : বরিশালের গৌরনদীতে গুরুতর অসুস্থ হয়ে অর্থাভাবে চিকিৎসা সংকটে পড়েছেন মসজিদের মুয়াজ্জিন মো. সেকান্দার আকন। তাঁর মাথায় অস্ত্রোপচার করে জমে থাকা পানি বের করা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তাঁর পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। এ অবস্থায় অসহায় এই মুয়াজ্জিনের চিকিৎসায় দেশ-বিদেশের বিত্তবান ও ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা চেয়েছেন তাঁর স্বজনেরা।

সেকান্দার আকন গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গেরাকুল মিয়াবাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর কণ্ঠে আজান শুনে এলাকার মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করতে আসেন। সহজ-সরল ও সবার কাছে পরিচিত এই ব্যক্তি বর্তমানে নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ অক্টোবর তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে শয্যা না পেয়ে পরে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা দ্রুত তাঁর মাথায় অস্ত্রোপচার করে জমে থাকা পানি বের করার পরামর্শ দিয়েছেন।

কিন্তু প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় বহন করতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন তাঁর সঙ্গে থাকা স্বজনেরা। পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই সেকান্দার আকনের চিকিৎসায় সহযোগিতার জন্য দেশ-বিদেশের হৃদয়বান মানুষের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।

ইসলামে আজান ও মুয়াজ্জিনের মর্যাদা বিশেষভাবে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমের ৩৮৭ নম্বর হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনদের গর্দান হবে সবচেয়ে দীর্ঘ। ধর্মীয় এই মর্যাদার কথা স্মরণ করে অসুস্থ মুয়াজ্জিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তাঁর স্বজনেরা।

কেউ সেকান্দার আকনের চিকিৎসায় আর্থিক সহযোগিতা করতে চাইলে তাঁর ভাইয়ের ছেলে আজাদ আকনের সঙ্গে ০১৩০৩-৩৬৪৫২৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।



মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *