
ববি’র সামনে ফোর লেন সড়ক
বরিশাল প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফোর লেন সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ। আগামী এক মাসের মধ্যেই এ কাজ শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর পাশাপাশি দপদপিয়া সেতু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। দপদপিয়া টোল প্লাজা থেকে মাইশা চত্বর পর্যন্ত পুরো সড়কটি দীর্ঘস্থায়ী করতে আরসিসি (কংক্রিট) করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সামনে ফোর লেন সড়কের সঙ্গে ড্রেনেজ ব্যবস্থা ও পথচারীদের জন্য পৃথক চলাচলের পথ নির্মাণ করা হবে।
সড়ক বিভাগ সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের সামনে ফোর লেন সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ আগামী এক মাসের মধ্যে শুরু করার প্রস্তুতি চলছে। বরিশাল সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রাব্বি দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিনের মধ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের সামনে সড়ক প্রশস্তকরণ, ফুটওভার ব্রিজ ও নিরাপদ চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে দ্রুত তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বরিশাল সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রাব্বি বলেন, “দপদপিয়া টোল থেকে মাইশা চত্বর পর্যন্ত সড়কটি কংক্রিটের করা হবে, যাতে এটি দীর্ঘস্থায়ী হয়। ববি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে ক্যাম্পাসের সামনে ফোর লেন ও ফুটওভার ব্রিজ করা হবে।”
বিভাগজুড়ে সড়ক উন্নয়নের উদ্যোগ
ফজলে রাব্বি জানান, বরিশাল বিভাগের সড়ক অবকাঠামো উন্নয়নে প্রায় চার হাজার কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পাঠানো হয়েছে। প্রস্তাবটি দ্রুত অনুমোদন পাবে বলে আশা করছেন তিনি।
এ ছাড়া মুলাদী-হিজলাসহ বিভাগের বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রশস্ত করার কাজও হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে সড়ক উন্নয়নের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী বলেন, “দপদপিয়া সেতু থেকে ক্যাম্পাস পর্যন্ত সড়কটি প্রতিদিনের দুর্ঘটনার আতঙ্কের নাম ছিল। নতুন প্রকৌশলী যোগদানের পরপরই আমাদের দাবি মেনে নিয়ে সড়ক ও ফুটওভার ব্রিজের উদ্যোগ নেওয়ায় আমরা আনন্দিত।”
সংশ্লিষ্টরা বলছেন, সড়কটি প্রশস্ত ও আরসিসি করার পাশাপাশি ফুটওভার ব্রিজ নির্মাণ হলে বিশ্ববিদ্যালয়ের সামনে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমবে। একই সঙ্গে শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চলাচল আরও নিরাপদ হবে।
মন্তব্য
0 টি মন্তব্য