জেলার খবর

প্রবীণদের সম্মান ও অধিকার নিশ্চিতের আহ্বান

প্রকাশিত :
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
/
১৬ বার সংবাদটি দেখেছে

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের আন্তর্জাতিক প্রবীণ দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য ছিল “The Age of Longevity: Rethinking Systems for Longer Lives”।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ শুকরিয়া পারভীন।

এ সময় জেলা পুলিশ সুপার আবু সাইম, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোছাঃ জান্নাতুন ফেরদৌস নিতু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্ম্মন, সদর উপজেলা সমাজসেবা অফিসার লায়লা আরজুমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, প্রবীণ ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও বাড়ছে। তাই প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আর্থিক সুরক্ষা, মানসিক সুস্থতা ও পারিবারিক মর্যাদা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে সমাজের উন্নয়নে কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।

জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের অভিজ্ঞতা ও অবদানকে সম্মান করার পাশাপাশি জীবনের শেষ পর্যায়ে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

জেলা পুলিশ সুপার আবু সাইম প্রবীণদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবার ও সমাজে প্রবীণদের প্রতি সম্মানজনক আচরণ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা বলেন, প্রবীণদের কল্যাণে সরকারি বিভিন্ন কর্মসূচির পাশাপাশি পরিবার ও স্থানীয় সমাজের সহযোগিতা প্রয়োজন। তাঁদের একাকিত্ব দূর করে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দিতে হবে।

মেডিকেল অফিসার ডা. মোছাঃ জান্নাতুন ফেরদৌস নিতু প্রবীণদের স্বাস্থ্যসেবা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টি ও দীর্ঘমেয়াদি রোগ নিয়ন্ত্রণের বিষয়ে গুরুত্বারোপ করেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্ম্মন প্রবীণদের জন্য সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির বিষয় তুলে ধরেন।

এদিকে অনুষ্ঠানে ছোট ছোট শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বয়সী প্রবীণদের উপস্থিতি ছিল। এতে প্রজন্মের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, অভিজ্ঞতা বিনিময় ও সামাজিক বন্ধনের বিষয়টি বিশেষভাবে উঠে আসে।

আলোচনা সভায় বক্তারা প্রবীণদের প্রতি সম্মান, সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার পাশাপাশি একটি প্রবীণবান্ধব সমাজ গড়ে তোলার আহ্বান জানান।



বাপ্পি/সা.এ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *