জেলার খবর

রাউজানে পুলিশের অভিযানে গুলিবিনিময় : অস্ত্র-গুলিসহ আটক ১

প্রকাশিত :
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
/
১৫ বার সংবাদটি দেখেছে

চট্টগ্রামের রাউজান উপজেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী ডাকাত আলম ও আজিজকে ধরতে রাউজান পুলিশের অভিযানে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে ১৫ রাউন্ড শর্টগানের গুলি ও ৩ রাউন্ড পিস্তল দিয়ে গুলি চালানোর কথা নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।

এ সময় আলম ও আজিজ পাহাড়ি পথে পালিয়ে গেলেও দিলদার নামে তাদের সহযোগীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তিনি।

আজ এক প্রেসব্রিফিং এ পুলিশ সুপার জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ভোমরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ভোমরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাত আলমের বাড়ির কাছে যেতেই বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়তে শুরু করে৷ এ সময় পুলিশের সাথে তাদের গুলিবিনিময় শুরু হয়। একপর্যায়ে আলম ও আজিজ পাহাড়ি পথে পালিয়ে যায়।

অভিযানে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত আলমের সহযোগী দিলদার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে দুটি এলজি ও ১১৯ রাউন্ড এসএমজি’র গুলি উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিং এ জেলা পুলিশের এসপি আরও জানান, আলম ও আজিজ বাহিনী শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী রায়হান আলমের প্রতিপক্ষ হিসেবে পরিচিত। সম্প্রতিক অভিযানে রায়হান বাহিনী কিছুটা দুর্বল হয়ে পড়লে ডাকাত আলম ও আজিজ বাহিনী বিস্তার শুরু করে৷ গত কিছুদিন আগে এই বাহিনী একজনের কাছে চাঁদাদাবি করেছিল৷

এসপি জানান, গ্রেপ্তার দিলদারকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে৷ ধারণা করা হচ্ছে তাদের কাছে ভারী অস্ত্র থাকতে পারে৷ পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত আছে৷



সালাউদ্দিন/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *