জাতীয়

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত :
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
/
১১ বার সংবাদটি দেখেছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতে প্রতিরক্ষা উপদেষ্টা ও ভারতীয় হাইকমিশনার পরস্পরকে শুভেচ্ছা জানান। পরে দুই দেশের সামরিক ও নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা, আঞ্চলিক শান্তি এবং সমুদ্র নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের সরকারের আর্থ-সামাজিক উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার গভীর সামরিক ও কৌশলগত সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে।

ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তাসংশ্লিষ্ট অভিন্ন স্বার্থের ক্ষেত্রগুলোতে একযোগে কাজ করার বিষয়ে ভারতের অব্যাহত অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দুই প্রতিবেশী দেশের একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।



কুশল/সাএ

মন্তব্য

0 টি মন্তব্য
👤
মন্তব্য লোড হচ্ছে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *