
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ট্যুরের বাস খালে, আহত ৪০ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক :::
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের ‘Community Medicine Tour – Cox’s Bazar 2026’ শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা ৪০ শিক্ষার্থীই আহত হয়েছেন বলে সহপাঠীদের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে ব্যাচটির শিক্ষার্থীদের বহনকারী বাসগুলো। পথিমধ্যে ভোর আনুমানিক ৪টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে উল্টে পড়ে।
দুর্ঘটনায় বাসে থাকা ৪০ জন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে কয়েকজনের আঘাত তুলনামূলক গুরুতর বলে সহপাঠীদের সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে নাকের আঘাত, মাথায় মৃদু থেকে মাঝারি মাত্রার আঘাত, হাড় ভাঙা এবং অতিরিক্ত রক্তক্ষরণের মতো সমস্যার কথা জানা গেছে।
আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (DMC) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে ব্যাচের ফার্স্ট বয়, ফার্স্ট গার্লসহ অনেক শিক্ষার্থী ও ঘনিষ্ঠ সহপাঠী রয়েছেন।
এদিকে দুর্ঘটনার পর ৫৪তম ব্যাচের শিক্ষার্থীরা কক্সবাজারের কমিউনিটি মেডিসিন ট্যুর আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
সহপাঠীদের পক্ষ থেকে আহতদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনাকে কেন্দ্র করে অযাচিত আতঙ্ক সৃষ্টি না করা এবং যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।
আহতদের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।
মন্তব্য
0 টি মন্তব্য